নতুন সরকারের প্রথম বাজেটে ডিএ-ধামাকা! একলাফে ২০% মহার্ঘ ভাতা বাড়াল শুভেন্দু সরকার

Starflix Bengali News জুন ২২, ২০২৬
রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ ডিএ ঘোষণা
সরকারি কর্মীদের জন্য ২০% ডিএ বৃদ্ধি, বড় ঘোষণা রাজ্য বাজেটে।

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ক্ষোভ দীর্ঘদিনের৷ অবশেষে সেই পুঞ্জীভূত ক্ষোভে প্রলেপ পড়ল। সোমবার বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উপহারের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

একধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এই নজিরবিহীন ঘোষণার জেরে রাজ্যে মোট ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়াল ৩৮ শতাংশ। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে দাঁড়াল মাত্র ২২ শতাংশ৷

সরকারি দফতরগুলোতে উৎসবের মেজাজ

বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে, এবার সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর আসতে চলেছে। সোমবারের বাজেটে ঠিক সেই প্রতিফলনই দেখা গেল। দীর্ঘ কয়েক বছর ধরে ডিএ আন্দোলনে উত্তাল ছিল রাজ্য। এই ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণা হতেই মহাকরণ থেকে নবান্ন, বিকাশ ভবন থেকে খাদ্য ভবন, রাজ্যের সমস্ত সরকারি দফতরে রীতিমতো উৎসবের মেজাজ তৈরি হয়। কর্মীদের একাংশের আশা, নতুন সরকার যেভাবে দ্রুত পদক্ষেপ করছে, তাতে কেন্দ্রের সঙ্গে বাকি ফারাকটুকুও খুব শীঘ্রই দূর হয়ে যাবে৷

সপ্তম বেতন কমিশন গঠনের আশ্বাস

রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনে যে নতুন সরকার প্রথম থেকেই ঝাঁপাবে, তা প্রায় স্পষ্টই ছিল। গত ১৮ মে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এক সাংবাদিক বৈঠকে সাফ জানান, রাজ্যের সরকারি কর্মী, বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের জন্য ‘সপ্তম রাজ্য বেতন কমিশন’ গঠন করা হচ্ছে। এবার বাজেটে সরাসরি ২০ শতাংশ ডিএ বাড়িয়ে বড় চমক দিল রাজ্য সরকার।

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী বাজেটে পূর্বতন সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল, যা গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তা নিয়ে কোনও সরকারি নির্দেশিকা জারি না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন সরকারি কর্মীরা। নতুন সরকারের এই ঘোষণা সেই দুশ্চিন্তা এক নিমেষে উধাও করে দিল।

এই খবরটি শেয়ার করুন