"মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনার মাঝেই দিল্লিতে অগ্নিমিত্রা। কেন?
বাংলার মসনদে কে বসবেন? ২০৭টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম চূড়ান্ত করবে বিজেপি হাইকম্যান্ড, তা নিয়ে রহস্য অব্যাহত। এই টানটান উত্তেজনার মধ্যেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের ‘গোপন’ দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।
দিল্লিতে কেন অগ্নিমিত্রা?
মঙ্গলবারই দিল্লি উড়ে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানে বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে তাঁর একান্তে বৈঠক হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার ঠিক আগেই এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আজই তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।
শনিবার ব্রিগেডে ঐতিহাসিক শপথ:
এবারের জয় উদযাপনে কোনো খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। প্রথা ভেঙে এবার রাজভবনের বদলে শপথগ্রহণ অনুষ্ঠানের আসর বসছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শমীক ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৯ মে শনিবার সকাল ১০টায় এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে তিলোত্তমা।
নজরে ৪ নাম:
মুখ্যমন্ত্রীর দৌড়ে সবার আগে রয়েছে শুভেন্দু অধিকারীর নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই গড়, নন্দীগ্রাম ও ভবানীপুরে নজিরবিহীন জয়ের পর তাঁর পাল্লা সবথেকে ভারি। তবে দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য এবং স্বপন দাশগুপ্তের নামও দলের অন্দরে আলোচিত হচ্ছে। অগ্নিমিত্রার দিল্লি সফর কি কোনো নতুন চমকের ইঙ্গিত? উত্তর মিলবে খুব শীঘ্রই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন