‘আমি সবার মুখ্যমন্ত্রী’, শপথ নিয়েই দায়িত্বশীল বার্তা শুভেন্দুর, বাংলার নবনির্মাণের ডাক
শপথের পর প্রথম প্রতিক্রিয়ায় দায়িত্বশীল শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই দায়িত্বশীল বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী পদে উত্তরণ ঘটার পর তিনি স্পষ্ট জানালেন, এখন তিনি আর কেবল কোনও একটি দলের নেতা নন, তিনি সবার মুখ্যমন্ত্রী । শুভেন্দুর কথায়, “আমি কোনও বিতর্কিত কথা বলব না। আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার।” জোড়াসাঁকোতে কবিগুরুকে শ্রদ্ধা ব্রিগেড প্যারেড ময়দানে শপথগ্রহণের পর প্রথমেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবীন্দ্রজয়ন্তীর দিনে সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান তিনি। জোড়াসাঁকো থেকেই রাজ্যের মানুষকে ঐক্য, উন্নয়ন ও নবনির্মাণের বার্তা দেন নতুন মুখ্যমন্ত্রী। ‘বাংলাকে নবনির্মাণ করি’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, এখন রাজনৈতিক কচকচানি বা পরস্পরের সমালোচনার সময় নয়। বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, শিক্ষার মান কমেছে, সংস্কৃতি ধাক্কা খেয়েছে—এই মন্তব্য করে তিনি রাজ্যের পুনর্গঠনের ডাক দেন। তাঁর আবেদন, “আসুন আমরা বাংলাকে নবনির্মাণ করি। অনেক দায়িত্ব। আমরা শুধু এগিয়ে যাব।” ...