ভবানীপুরে বড়সড় ঝটকা! পোস্টাল ব্যালটে পিছিয়ে মমতা, নন্দীগ্রামেও লিড শুভেন্দুর

কলকাতা: ২০২৬-এর বাংলার ভাগ্যপরীক্ষায় সকাল থেকেই অভাবনীয় মোড়। ঘড়ির কাঁটায় ৯টা বাজতেই যে প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে, তাতে কার্যত কাঁপন ধরেছে রাজনৈতিক মহলে। নিজের গড় বলে পরিচিত ভবানীপুরেই পিছিয়ে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে, নন্দীগ্রামের পর ভবানীপুরেও আপাতত লিড ধরে রেখেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।


এক নজরে ৯টার মহাউপডেট:

হাড্ডাহাড্ডি লড়াই: সকাল ৯টার মধ্যেই ১০০-র গণ্ডি পার করে ফেলেছে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরই। বর্তমানে বিজেপি ১১৪টি আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে ১০১টি আসনে। কংগ্রেস মাত্র ১টি আসনে লিড পেয়েছে।


ভবানীপুরে দাপট শুভেন্দুর: শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে চলছে ভবানীপুরের গণনা। প্রথম দফার পোস্টাল ব্যালট গণনায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে মোট ২০ রাউন্ড গণনা হবে।


নন্দীগ্রামে ব্যবধান বাড়ছে: হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী পবিত্র করের থেকে প্রায় ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু। অর্থাৎ, দুই হেভিওয়েট কেন্দ্রেই আপাতত আধিপত্য গেরুয়া শিবিরের।


জেলায় জেলায় পাল্লাভারি কার?

দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রে তৃণমূলের জয়জয়কার লক্ষ্য করা যাচ্ছে। সোনারপুর উত্তর ও দক্ষিণ, বারুইপুর পূর্ব ও পশ্চিম, ক্যানিং পশ্চিম এবং বাসন্তীতে এগিয়ে রয়েছে জোড়াফুল। আরামবাগেও লিড নিয়েছে তৃণমূল।


অন্যদিকে, বিজেপি এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবার, সাগর, পুরশুড়া, খানাকুল এবং গোঘাটে। উত্তরবঙ্গের ফালাকাটা ও আলিপুরদুয়ারেও পদ্ম শিবিরের দাপট অব্যাহত।


ব্যতিক্রমী ফলতা

উল্লেখ্য, ২৯৪টি আসনের মধ্যে আজ ২৯৩টি আসনে গণনা চলছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার অভিযোগে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। সেখানে ২১ মে পুনরায় ভোট হবে এবং ফলাফল জানা যাবে ২৪ মে।


ভবানীপুর ও নন্দীগ্রামের এই প্রাথমিক চিত্র কি ইভিএম গণনার শেষেও বজায় থাকবে? না কি বেলা বাড়ার সাথে সাথে ঘুরে দাঁড়াবেন মমতা? এখন সেদিকেই নজর দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে বড় মোড়! গ্রেফতার ৩ ভাড়াটে খুনি

নিউটাউনে TMC-BJP সংঘর্ষ, বিজয় মিছিলে হামলার অভিযোগে চাঞ্চল্য! বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

'৪ তারিখের পর দিল্লির বাবারা...', চন্দ্রনাথের মায়ের মনে পড়ছে অভিষেকের সেই থ্রেট'!