ব্রিগেডে মেগা শপথ ঘিরে কড়া ট্রাফিক বিধিনিষেধ, বেরোনোর আগে দেখে নিন রুটম্যাপ
বাংলার রাজনৈতিক ইতিহাসে এক সন্ধিক্ষণ। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে শনিবার বিকেলে ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে শপথ নিতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে তিলোত্তমা এখন আক্ষরিক অর্থেই গেরুয়া শিবিরের শক্তিকেন্দ্র। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি, অন্যদিকে তেমনই শহরের জনজীবন সচল রাখতে রণকৌশল সাজিয়েছে লালবাজার।
ভিভিআইপিদের আনাগোনা ও নিরাপত্তা
শপথগ্রহণের চব্বিশ ঘণ্টা আগেই কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালেই আসছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ভিন রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ব্রিগেডে উপচে পড়া ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। লক্ষাধিক মানুষের এই সমাগম সামলাতে পুলিশ কমিশনার অজয় নন্দ ইতিমধ্যেই কঠোর ট্রাফিক নির্দেশিকা জারি করেছেন।
শহরবাসীর জন্য সতর্কবার্তা:
শনিবার ৯ মে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে সব ধরনের পণ্যবাহী ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে দুধ, সবজি, মাছ, ওষুধ ও জ্বালানির মতো জরুরি পরিষেবার গাড়িগুলি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
বিপাকে পড়তে পারে নিত্যযাত্রীরা:
এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হাসপাতাল রোড এবং কুইন্সওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এমনকি ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা এবং হেস্টিংস থেকে এজেসি বোস রোডের একাংশকে ‘নো-পার্কিং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ট্রাম চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।
শনিবার পঁচিশে বৈশাখ। একদিকে বাঙালির আবেগের দিন, অন্যদিকে রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে চাওয়া মানুষের ভিড়। সব মিলিয়ে কাল সারাদিন রাজপথ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন