“সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় আমাদেরই”—গণনার ট্রেন্ডে পিছিয়ে থেকেও কর্মীদের বার্তা মমতার

বাংলার ভোটগণনায় যত বেলা গড়াচ্ছে, ততই চড়ছে পারদ। একদিকে যখন ১৮০-র বেশি আসনে এগিয়ে থেকে গেরুয়া শিবির অকাল হোলি উৎসবে মেতেছে, ঠিক তখনই পাল্টাহুঙ্কার দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এক বিশেষ ভিডিও বার্তায় তিনি দলের নেতা-কর্মীদের স্পষ্ট জানিয়ে দিলেন, প্রাথমিক ট্রেন্ড দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তাঁর দাবি, এটি আসলে বিজেপির একটি পরিকল্পিত চাল।


“গণনাকেন্দ্র ছাড়বেন না, লড়ুন বাঘের বাচ্চার মতো”

বিজেপি বিপুল আসনে এগিয়ে থাকলেও তৃণমূলনেত্রীর দাবি, খেলা এখনও অনেক বাকি। দলের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে তিনি বলেন, “দয়া করে কেউ গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। ওরা আগে ওদের জেতা আসনগুলো দেখাচ্ছে, আমাদেরগুলো পরে দেখাবে।” মমতার অভিযোগ, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় তৃণমূলের ওপর অত্যাচার করা হচ্ছে এবং বহু জায়গায় গণনা ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে।


ইভিএম ও কমিশনকে সরাসরি আক্রমণ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। কল্যাণীর উদাহরণ টেনে তিনি দাবি করেন, “কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনো মিল নেই। নির্বাচন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে।” তাঁর অভিযোগ, তৃণমূল এখনও ১০০-র বেশি আসনে এগিয়ে থাকলেও কমিশন সেই তথ্য প্রকাশ করছে না।


সূর্যাস্ত-তত্ত্ব ও জয়ের আশ্বাস

হতাশ কর্মীদের উজ্জীবিত করতে নেত্রীর ভোকাল টনিক— “সবে ৩-৪ রাউন্ড গণনা হয়েছে, এখনও ১৮-১৯ রাউন্ড বাকি। আমি গতকালই বলেছিলাম, সূর্যাস্তের পর আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ।” তিনি কর্মীদের আশ্বস্ত করে জানান, তৃণমূল বাঘের বাচ্চার মতো লড়াই চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় ঘাসফুল শিবিরেরই হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে বড় মোড়! গ্রেফতার ৩ ভাড়াটে খুনি

নিউটাউনে TMC-BJP সংঘর্ষ, বিজয় মিছিলে হামলার অভিযোগে চাঞ্চল্য! বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

'৪ তারিখের পর দিল্লির বাবারা...', চন্দ্রনাথের মায়ের মনে পড়ছে অভিষেকের সেই থ্রেট'!