‘ধৈর্য আর সহ্যই মন্ত্র’, জয়ের পর কর্মীদের সংযত থাকার কড়া বার্তা শুভেন্দুর
জয়ের পর কর্মীদের উদ্দেশ্যে বার্তা
নন্দীগ্রাম:বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়ের পর এবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা জারি করলেন শুভেন্দু অধিকারী। বুধবার নন্দীগ্রামের বিজেপি কার্যালয়ে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যে ক্ষমতার বদল হলেও কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। বিরোধীদের কড়া সমালোচনা করলেও দলীয় কর্মীদের প্রতিহিংসা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
বিজয়মিছিল নিয়ে বিধিনিষেধ
বর্তমানে পুলিশের কড়াকড়ি ও শান্তিশৃঙ্খলার কথা মাথায় রেখে শুভেন্দু নির্দেশ দিয়েছেন যে, আগামী দু’-তিন দিন কেউ যেন বিজয়মিছিল না করেন । আগামী ৯ই মে-র পর পুলিশের অনুমতি নিয়েই শান্তিতে মিছিল করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূলের কোনও দলীয় কার্যালয়ে হাত না দেওয়ার জন্যও কর্মীদের কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু।
আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ও উন্নয়ন
শান্তির আবেদনের পাশাপাশি প্রাক্তন সরকারের আমলের মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন শুভেন্দু। তিনি স্পষ্ট জানান, নতুন বিজেপি সরকার ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS) অনুযায়ী প্রতিটি মামলা পুনরায় খতিয়ে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে।
এদিন নন্দীগ্রামের জন্য একগুচ্ছ উন্নয়নের ডালিও সাজিয়েছেন তিনি। নতুন ইংরেজি মাধ্যম স্কুল, আইটিআই কলেজ এবং কৃষকদের জন্য বিশেষ সেচ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শুভেন্দুর দাবি, সুশাসনের মাধ্যমেই বিজেপি আগামী ১০০ বছর মানুষের হৃদয়ে থাকবে। তবে কোন আসনটি তিনি ত্যাগ করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপরেই ছেড়ে দিয়েছেন শুভেন্দু।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন