Starflix Bengali News | বাংলার খবর সবার আগে

STARFLIX বাংলা News

সত্য খবর • দ্রুত আপডেট • বাংলা ভাষায়

ব্রেকিং নিউজ সর্বশেষ বাংলা খবর পেতে Starflix Bengali News ফলো করুন • আজকের ব্রেকিং নিউজ • রাজনীতি, খেলা, কলকাতা, দেশ-বিদেশের সব আপডেট

সর্বশেষ খবর

হালিশহরের পর এবার ভাটপাড়ায় ধস, একযোগে পদত্যাগ ৩০ কাউন্সিলারের

ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান-সহ ৩০ কাউন্সিলরের একযোগে পদত্যাগ


 হালিশহরের রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় রাজনৈতিক অস্থিরতায় কেঁপে উঠল উত্তর ২৪ পরগনা। এবার কার্যত ভেঙে পড়ল ভাটপাড়া পুরসভা। শুক্রবার দুপুরে চেয়ারম্যান রেবা রাহা-সহ একযোগে ৩০ জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিলেন বারাকপুর প্রশাসনিক ভবনে। মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা পড়তেই কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে ৩৫ আসনের এই পুরবোর্ড।


ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। কারণ, মাত্র কয়েকদিন আগেই একই ধরনের গণ-ইস্তফার ঘটনা ঘটেছিল হালিশহর পুরসভায়। ফলে পরপর দুই পুরবোর্ডে এই নজিরবিহীন ভাঙনকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্যের পুর-রাজনীতি ঘিরে।


পুরসভা সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার দুই কাউন্সিলরের আগেই মৃত্যু হয়েছিল। ফলে কার্যকর সদস্য সংখ্যা ছিল ৩৩। তার মধ্যে এদিন একসঙ্গে ৩০ জন কাউন্সিলর ইস্তফা দেওয়ায় পুরবোর্ড কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। পদত্যাগ করেছেন পুরপ্রধান রেবা রাহাও।


গণ-ইস্তফার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেবা রাহা বলেন, “আমাদের সামনে আর কোনও পথ খোলা ছিল না। আগের দিন থেকেই খবর পাচ্ছিলাম ১৯ জন কাউন্সিলর পদত্যাগ করতে চলেছেন। তখনই সিদ্ধান্ত নিই আমিও পদ থেকে সরে দাঁড়াব।”


এই আকস্মিক রাজনৈতিক পরিস্থিতির জেরে ভাটপাড়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জল, আলো, সাফাইয়ের মতো জরুরি পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। যদিও পরিস্থিতি সামাল দিতে আশ্বাস দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।


ভাটপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং সাংবাদিক বৈঠকে দাবি করেন, রাজনৈতিক টানাপোড়েন চললেও পুরসভার প্রশাসনিক কাজ থেমে থাকবে না। তাঁর কথায়, “মানুষের জল, আলো বা সাফাইয়ের মতো জরুরি পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক পবন সিং এবং রাজেশ কুমারকে।”


একই সুর শোনা গিয়েছে ভাটপাড়ার প্রাক্তন উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের গলাতেও। তিনি জানিয়েছেন, কাউন্সিলররা ইস্তফা দিলেও সরকারি কর্মীরা তাঁদের দায়িত্ব পালন করবেন। ফলে পরিষেবা পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা নেই বলেই দাবি তাঁর।


উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই পার্শ্ববর্তী হালিশহর পুরসভায় ১৬ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেছিলেন। তখন বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস জানিয়েছিলেন, পুরবোর্ড ভেঙে পড়লেও নাগরিক পরিষেবায় কোনও প্রভাব পড়তে দেওয়া হবে না। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার একই ছবি দেখা গেল ভাটপাড়ায়।


রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, হালিশহর ও ভাটপাড়ার এই জোড়া ধাক্কা উত্তর ২৪ পরগনার পুর-রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপে। প্রশাসক বসিয়ে পুরসভা চালানো হবে, নাকি নতুন করে নির্বাচনের পথে হাঁটা হবে, তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক ও আইনি জল্পনা।