রান্নার গ্যাস নিয়ে কমল আতঙ্ক! ভারতীয় নৌসেনার পাহারায় হরমুজ পেরিয়ে গুজরাটে ঢুকল বিশাল LPG জাহাজ।

LPG Supply Ship Reaches Gujarat Port from Iran
 
হরমুজ প্রণালীতে চরম উত্তেজনার জেরে ভারত-সহ বহু দেশে তেল ও রান্নার গ্যাস (LPG) সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রীও দেশবাসীকে গ্যাস ও তেল খরচে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে এবার আমজনতার জন্য এল বড় স্বস্তির খবর। ইরান থেকে হরমুজ প্রণালী পেরিয়ে ২০,০০০ টন এলপিজি নিয়ে গুজরাটের কান্দালা বন্দরে নিরাপদে এসে পৌঁছল বিশাল কার্গো জাহাজ।

কীভাবে এল এই বিপুল গ্যাস? সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গিয়েছে, ইরান থেকে আসা এই জাহাজটির নাম 'সিমি' (Simi)। গত ১৩ মে এটি হরমুজ পেরিয়ে ভারতের অভিমুখে যাত্রা শুরু করেছিল।

  • শুধু 'সিমি' নয়, সম্প্রতি 'এম ভি সানসাইন' (MV Sunshine) নামে এলপিজি বোঝাই আরও একটি জাহাজ হরমুজ প্রণালী পার করে ভারতে এসেছে।

  • এটি ছিল হরমুজ পেরিয়ে আসা ১৫তম এলপিজি বোঝাই জাহাজ।

  • সবচেয়ে বড় ব্যাপার হলো, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জাহাজটি যখন ভারতে আসছিল, তখন আকাশপথে সেটিকে কড়া নিরাপত্তা দিচ্ছিল ভারতীয় নৌসেনা।

ভারত ও ইরানের মধ্যে কূটনৈতিক বৈঠক এই গ্যাস সরবরাহের পেছনে রয়েছে ভারতের সফল কূটনীতি। শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচির সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ইতিবাচক বৈঠক হয়।

বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় আরাগাচি স্পষ্ট বার্তায় লেখেন, "আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ভারতের সাথে আমাদের কথা হয়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তায় ইরান তার দায়িত্ব পালন করবে। বন্ধুরাষ্ট্রগুলো ব্যবসা ও অন্যান্য বিষয়ে নির্দ্বিধায় ইরানের ওপর আস্থা রাখতে পারে।"

শান্তি ফিরলে পরিস্থিতি বদলাবে ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম ঘারিঘাবাদিও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, "আমেরিকা শান্তি প্রতিষ্ঠায় উপযুক্ত আলোচনা করছে না। আমরা আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিছু করব না। শান্তি প্রতিষ্ঠা হলে হরমুজ প্রণালী আগের থেকেও অনেক বেশি নিরাপদ হবে এবং কারও কোনো সমস্যা হবে না।"

আপাতত গুজরাটে এই বিপুল পরিমাণ গ্যাস এসে পৌঁছানোয় দেশের বাজারে এলপিজি সঙ্কটের আতঙ্ক অনেকটাই কমল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।