ভোট-পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
কলকাতা: ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী।
অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেনের দাবি, ভোটের ফল প্রকাশের দিন দুই তারকার সামাজিক মাধ্যমের পোস্ট ও মন্তব্যের জেরে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা উৎসাহিত হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।
পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেলে পরমব্রত চট্টোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’। অভিযোগ অনুযায়ী, পরে স্বস্তিকা মুখোপাধ্যায় সেই পোস্টে মন্তব্য করেন, ‘হোক হোক’।
আইনজীবীর অভিযোগ, ওই পোস্ট ও মন্তব্যের কিছু সময় পর বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। তাঁর দাবি, রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসা, খুন এবং নারী নির্যাতনের ঘটনার পিছনে এই ধরনের মন্তব্যের প্রভাব ছিল।
উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে রয়েছে। এই মামলায় একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।
অভিযোগকারী পক্ষের দাবি খতিয়ে দেখছে পুলিশ। তবে এই অভিযোগের বিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
এই অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। তদন্তের পরই স্পষ্ট হবে অভিযোগের ভিত্তি কতটা এবং পুলিশ এই বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ করে।
.png)