‘দ্বিতীয় হওয়াটা ব্যর্থতা’, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মোহনবাগান কোচ সের্জিও লোবেরা
কলকাতা: খেতাবের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া মোহনবাগানের। চলতি মরশুমের ISL-এ ইস্টবেঙ্গলের সঙ্গে সমান পয়েন্টে শেষ করলেও গোলপার্থক্যের কারণে দ্বিতীয় স্থানে থাকতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। আর এই ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিলেন মোহনবাগানের হেড কোচ সের্জিও লোবেরা।
স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে জয় পেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহনবাগান। শেষ মুহূর্তে জেমি ম্যাকলারেনের গোলে জয় এলেও কাঙ্ক্ষিত গোলপার্থক্য তৈরি করতে ব্যর্থ হয় দল। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে হতাশা গোপন করেননি লোবেরা।
মোহনবাগান কোচ বলেন, ভবিষ্যতে কী হবে, তা নিয়ে ভাবার মতো মানসিক অবস্থায় তিনি নেই। তিনি খুবই হতাশ এবং দুঃখিত। তাঁর মতে, মোহনবাগানের সমর্থকরা এবং এই ক্লাব আরও ভালো পারফরম্যান্স ও সাফল্যের দাবিদার।
লোবেরা স্পষ্ট বলেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দল মাঠে নেমেছিল। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হচ্ছে। কোচ হিসেবে এই ব্যর্থতার দায় তাঁরই বলে জানান তিনি। সমর্থকদের কাছেও ক্ষমা চান মোহনবাগান কোচ।
দ্বিতীয়ার্ধের খেলায় এবং একাধিক সুযোগ নষ্ট হওয়ায় তিনি যে খুশি নন, তা পরিষ্কার করে দেন লোবেরা। তাঁর বক্তব্য, শুধু এই ম্যাচ নয়, শেষ কয়েকটি ম্যাচেও একই ভুল দেখা গিয়েছে। জেতার মতো অনেক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি দল।
লোবেরা বলেন, গোলপার্থক্যের অঙ্ক জানা সত্ত্বেও ফিনিশিংয়ে ভুল হয়েছে। তাঁর মতে, এই মানের ফুটবল মোহনবাগানের মানের সঙ্গে যায় না। মোহনবাগানের মতো ক্লাব সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে, তাই দ্বিতীয় হওয়াকে তিনি ব্যর্থতা বলেই মনে করছেন।
সেটপিস থেকেও গোল না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন স্প্যানিশ কোচ। গত কয়েক মরশুমে সেটপিস মোহনবাগানের বড় অস্ত্র হলেও এ মরশুমে সেটাই দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছে। তবে কোনও অজুহাত দিতে চাননি লোবেরা।
প্লেয়ারদের ঘাড়ে সরাসরি দোষ না চাপালেও নিজেদের ভুলেই খেতাব হাতছাড়া হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। এখন দেখার, আগামী মরশুমে মোহনবাগান ঘুরে দাঁড়িয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারে কি না।
.png)