রাজস্থান ও উত্তরাখণ্ডে সফল পরীক্ষা, ১০০ কিমি রেঞ্জের ‘বায়ু অস্ত্র’ লয়টারিং মিউনিশনের বড় সাফল্য
নয়াদিল্লি, ২২ মে: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক বড় সাফল্য পেল ভারত। ১০০ কিলোমিটার রেঞ্জের ‘বায়ু অস্ত্র’ লয়টারিং মিউনিশন সফলভাবে পরীক্ষা করা হয়েছে রাজস্থান ও উত্তরাখণ্ডে।
পুনে-ভিত্তিক প্রতিরক্ষা সংস্থা Nibe Limited এই পরীক্ষা সম্পন্ন করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, রাজস্থানের পোখরান এবং উত্তরাখণ্ডের জোশীমঠ-মালারি এলাকায় এই পরীক্ষা চালানো হয়।
সংস্থার দাবি, পরীক্ষায় ‘বায়ু অস্ত্র’ নির্ধারিত লক্ষ্যবস্তুতে ১০০ কিলোমিটার দূরত্ব থেকে একবারেই আঘাত হানতে সক্ষম হয়েছে। এর নির্ভুলতা ছিল অত্যন্ত উচ্চমানের, যেখানে circular error probable বা CEP এক মিটারেরও কম ছিল।
এই লয়টারিং মিউনিশন পরীক্ষায় abort-attack এবং re-attack capability-ও প্রদর্শন করেছে। অর্থাৎ প্রয়োজনে আক্রমণ বাতিল করে আবার নতুন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাও দেখিয়েছে এই সিস্টেম।
প্রতিরক্ষা ক্ষেত্রে এই সাফল্যকে ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের লয়টারিং মিউনিশন যুদ্ধক্ষেত্রে নির্ভুল আঘাত হানার পাশাপাশি দ্রুত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।