বকরি ইদের ছুটি কাটছাঁট! ২ দিনের বদলে ছুটি এবার ১ দিন, নবান্নের বিজ্ঞপ্তিতে তোলপাড়
কলকাতা: পশ্চিমবঙ্গে ঐতিহাসিক পালা বদলের পর এবার রাজ্যের ছুটির ক্যালেন্ডারেও বড়সড় কোপ বসাল নবান্ন। বকরি ইদ উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের জন্য বরাদ্দ টানা দু’দিনের ছুটি এক ধাক্কায় কমিয়ে মাত্র এক দিন করল নতুন বিজেপি সরকার। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বকরি ইদ উপলক্ষে সাধারণ মানুষের জন্য দু’দিন ছুটি দেওয়ার নিয়ম চালু থাকলেও, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন সেই বিজ্ঞপ্তিতে বড়সড় বদল এনেছে। তবে প্রশাসনের তরফে সাফাই, ইদ উদযাপনের দিন পরিবর্তিত হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
নবান্নের নয়া নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে?
পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের সই করা নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, বিগত ২০২৫ সালের ২৭ নভেম্বর তৎকালীন সরকারের প্রকাশ করা ছুটির তালিকায় ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) বকরি ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমান ক্যালেন্ডার ও চাঁদ দেখার অবস্থান অনুযায়ী আগামী বৃহস্পতিবার, ২৮ মে বকরি ইদ পালিত হবে।
আর এই কারণ দেখিয়েই নবান্ন জানিয়েছে, আগের বিজ্ঞপ্তি সংশোধন করে কেবল ২৮ মে (বৃহস্পতিবার) বকরি ইদের দিন সরকারি ছুটি বহাল থাকবে। তার আগের দু’দিন অর্থাৎ ২৬ ও ২৭ মে-র পূর্বঘোষিত ছুটি সম্পূর্ণ বাতিল করা হলো। ওই মঙ্গল ও বুধবার আর পাঁচটা সাধারণ কর্মদিবসের মতোই সমস্ত সরকারি দফতরে পুরোদমে কাজ চলবে।
ক্ষমতায় এসেই কড়া বার্তা শুভেন্দু সরকারের!
২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম সরকার গড়েছে বিজেপি। আর নতুন সরকার আসতেই যেভাবে সংখ্যালঘু উৎসবের ছুটির তালিকায় কাঁচি চালানো হলো, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রশাসনিক স্তরে কড়াকড়ি এবং কর্মদিবস বাড়ানোর বার্তা দেওয়ার পাশাপাশি এই সিদ্ধান্তের পেছনে এক প্রচ্ছন্ন রাজনৈতিক সমীকরণও কাজ করছে। বিরোধী আসনে বসা তৃণমূল (যাঁরা এবার মাত্র ৮০টি আসনে থমকে গিয়েছে) এই নিয়ে পাল্টা কোনও সুর চড়ায় কি না, এখন সেটাই দেখার।
