Starflix Bengali News | বাংলার খবর সবার আগে

STARFLIX বাংলা News

সত্য খবর • দ্রুত আপডেট • বাংলা ভাষায়

ব্রেকিং নিউজ সর্বশেষ বাংলা খবর পেতে Starflix Bengali News ফলো করুন • আজকের ব্রেকিং নিউজ • রাজনীতি, খেলা, কলকাতা, দেশ-বিদেশের সব আপডেট

সর্বশেষ খবর

যুবভারতীর সেই ‘বিদঘুটে’ মূর্তি গুঁড়িয়ে দিল নতুন সরকার, ক্রীড়ামন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন

যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা বিতর্কিত মূর্তি ভেঙে ফেলার দৃশ্য

কলকাতা: ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘোষণার পর ২৪ ঘণ্টাও কাটল না। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের সামনে থাকা বহু বছরের বিতর্কিত সেই আজব মূর্তিটি শনিবার সকালে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনের ভোলবদলে একেই সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এই মূর্তিটি তৈরি হয়েছিল। ফুটবলারের পোশাক পরা এক অর্ধমানবের দুটি কাটা পায়ের ওপর বসানো হয়েছিল ‘বিশ্ববাংলা’র লোগো যুক্ত একটি বিশাল গোলক। কিন্তু উদ্বোধনের পর থেকেই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সামনে এমন ‘কিম্ভূত’ নকশা নিয়ে তীব্র ক্ষোভ ছিল ফুটবলপ্রেমীদের একাংশের। তাঁদের দাবি ছিল, এখানে বাংলার কোনও ফুটবল কিংবদন্তির মূর্তি থাকা উচিত ছিল।


গত রবিবার যুবভারতীতে কলকাতা ডার্বি দেখতে এসে এই ভাস্কর্য নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সাংবাদিকদের সামনে হাসতে হাসতেই তিনি কটাক্ষ করে বলেন, “এরকম অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার উপর ফুটবল! আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ সময় শুরু হয়েছিল। যার কোনও অর্থ নেই, আমরা সেটা দ্রুত সরাব।”


মন্ত্রীর সেই হুঁশিয়ারির পরেই শনিবার সকালে যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে ফেলা হলো কাঠামোটি। এই বিতর্কিত মূর্তি সরানোর পর এখন ক্রীড়ামোদীদের মনে একটাই প্রশ্ন,



এবার কি ওই জায়গায় পিকে বন্দ্যোপাধ্যায় বা চুনী গোস্বামীর মতো কোনও ফুটবল ইশ্বরের মূর্তি বসিয়ে যুবভারতীর সম্মান পুনরুদ্ধার করবে নতুন সরকার?