ভ্যাপসা গরম থেকে অবশেষে মুক্তি? আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?

 

কলকাতা: মেঘলা আকাশ আর গুমোট গরমে গত কয়েকদিন ধরে যে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা থেকে অবশেষে মিলতে চলেছে রেহাই। দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার পর থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই স্বস্তির বার্তার মাঝেই হাওয়া অফিসের একটি পূর্বাভাস নতুন করে কপালে ভাঁজ ফেলছে আমজনতার।


আজ কেমন থাকবে কলকাতার মেজাজ?

মঙ্গলবার সকাল থেকেই তিলোত্তমার আকাশে রোদ-ছায়ার লুকোচুরি। কখনও মেঘের আড়ালে সূর্য ঢাকছে, তো কখনও চড়া রোদে বাড়ছে অস্বস্তি। বাতাসে মাত্রাতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে সকাল থেকেই ঘামে ভিজছেন সাধারণ মানুষ। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, বিকেলের পর থেকেই আবহাওয়ার ভোলবদল হতে পারে কলকাতায়। নামতে পারে বহু প্রতীক্ষিত বৃষ্টি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।


কালবৈশাখীর ডবল অ্যালার্ট দক্ষিণবঙ্গে:

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমসহ একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া বিদরা স্পষ্ট করে দিয়েছেন, এই স্বস্তি একেবারেই সাময়িক। বৃষ্টি থামলেই চলতি সপ্তাহে গরম এবং ভ্যাপসা অস্বস্তি আরও কয়েক গুণ বেড়ে যাবে। এমনকি সপ্তাহের শেষদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ফের ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।



উত্তরে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস:

দক্ষিণবঙ্গ যখন কালবৈশাখীর অপেক্ষায়, উত্তরবঙ্গে তখন ইতিমধ্যেই মেঘের গর্জন শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে মালদা— উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।