মধ্যপ্রাচ্যে চরমে সংঘাত! ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে ৮৪টি জাহাজের পথ আটকাল মার্কিন সেনা।

US Central Command Redirects 84 Commercial Ships from Iran Ports


মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত এবার এক নতুন এবং বিপজ্জনক মোড় নিল। সামরিক সংঘাতের পাশাপাশি এবার সরাসরি ইরানের অর্থনীতির ওপর প্রবল চাপ সৃষ্টি করতে তাদের বন্দরগুলো অবরুদ্ধ (Blockade) করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (US Central Command) বা সেন্টকম জানিয়েছে, এই অবরোধের জেরে ইতিমধ্যেই ৮৪টি বাণিজ্যিক জাহাজের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বা 'রিডিরেক্ট' করা হয়েছে।

কী জানাল মার্কিন সেন্ট্রাল কমান্ড?

মার্কিন সামরিক বাহিনীর তরফ থেকে দেওয়া বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে যে, ইরানের বন্দরগুলো ব্যবহার করা বাণিজ্যিক জাহাজগুলোর ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। পথ ঘোরানোর পাশাপাশি অন্তত ৪টি বাণিজ্যিক জাহাজকে সম্পূর্ণ 'বিকল' (Disabled) করে দেওয়া হয়েছে বলেও সেন্টকম নিশ্চিত করেছে।

অর্থনীতিতে বড়সড় ধাক্কা দেওয়ার ছক? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, আমেরিকার এই পদক্ষেপ সরাসরি ইরানের সাপ্লাই চেইন এবং অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি বড় কৌশল। বন্দর অবরুদ্ধ হওয়ার অর্থ হলো, ইরান থেকে যেমন কোনো পণ্য বিদেশে যেতে পারবে না, তেমনই বিদেশ থেকেও কোনো জরুরি পণ্য বা সরঞ্জাম ইরানে ঢুকতে পারবে না। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেল এবং অন্যান্য বাণিজ্যিক পণ্যের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই ৮৪টি জাহাজ কোন কোন দেশের এবং কী পণ্য বহন করছিল, সে বিষয়ে আমেরিকার তরফ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মার্কিন সেনার এই কড়া পদক্ষেপের পর ইরান এবার সামরিক বা কূটনৈতিক স্তরে কী পালটা জবাব দেয়, সেদিকেই উদ্বেগের সঙ্গে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।